
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের নড়াগাতীতে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি লতিফ সম্রাটের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি শিকদার আনোয়ার হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বহিষ্কারের দাবি জানিয়েছে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২১ মে বুধবার বিকেল সাড়ে ৪টায় নড়াগাতী থানা বিএনপির উদ্যোগে বড়দিয়া এলাকায় ছয়টি ইউনিয়নের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। মিছিলটি বড়দিয়া বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে কলেজ ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের গেটসংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, গত ১৮ মে যোগানীয়া এলাকায় লতিফ সম্রাটের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার সঙ্গে প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় না এনে দলীয় বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে।
সমাবেশে বক্তব্য দেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, সিনিয়র সহসভাপতি ও খাশিয়াল ইউনিয়ন সভাপতি বিশ্বাস নওশের আলী, থানা ছাত্রদলের সভাপতি মিশান মীর ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী সাখাওয়াত হোসেন জুনু এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মিথ্যাচার ও ষড়যন্ত্রের অভিযোগ এনে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।