
বিশেষ প্রতিনিধি চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার জয়নগরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আজিজুর রহমান (৩৫)। তিনি পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে এবং সদ্য বিবাহিত এক সৌদি প্রবাসী ছিলেন।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন আজিজুর। তিনি এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিয়ের পর সোমবার দুপুরে শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম পানিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে জয়নগরের বাবলুর বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় ব্যবহৃত ট্রলিটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নিহত হয়েছেন। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয় এলাকাবাসী জানায়, জয়নগর আঞ্চলিক সড়কে ট্রলি চলাচলের তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ওই সড়কে ট্রলি চলাচলের নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।