
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগ, টানা অতিবৃষ্টি ও সম্ভাব্য নদীভাঙনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নড়াইলের কালিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার নদীভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত, উদ্ধার কার্যক্রম জোরদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সম্রাট তালুকদার, সাংবাদিক শেখ ফাঈম, বাবর আলী, রামিম সরদার, খায়রুল ইসলামসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় দুর্যোগকালীন সময়ে জনগণের জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
NGS/MMH