
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন ঘোষণার পর সরদার সাখাওয়াত হোসেন বকুল সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি মনোহরদী ও বেলাব উপজেলার জনগণের প্রতি আহ্বান জানান, ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বিএনপিকে বিজয়ী করতে।