
নাটোর প্রতিনিধি: মো. মনজুরুল ইসলাম
নাটোর পৌরসভার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা ও ২ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়ে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে।
হঠাৎ বিপুলসংখ্যক রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, পৌরসভার সরবরাহ করা দূষিত পানিই ডায়রিয়ার প্রকোপ বাড়াচ্ছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ইতোমধ্যে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরেফিন বলেন, “পরিস্থিতি মোকাবিলায় আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বর্তমানে ১২৮ জন রোগী ভর্তি আছেন এবং প্রায় ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুদ রাখা হয়েছে।”
জেলা প্রশাসক আসমা শাহিনা স্থানীয়দের ফুটানো পানি পান এবং সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”