
নাটোর প্রতিনিধি
ভুল চিকিৎসার প্রাথমিক প্রমাণ পাওয়ায় নাটোরের কানাইখালী এলাকার বেসরকারি আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই একডালা নারায়নপুর গ্রামের গার্মেন্টস কর্মী মানিক মিয়া তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন। কিন্তু অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা আল-হেরা হাসপাতালের ভুল চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় সহায়-সম্বল বিক্রি করতে বাধ্য হন। রোগীর স্বজনদের অভিযোগ, ঘটনার পর চিকিৎসক ডা. শামিম উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হুমকি দেন। পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় সিভিল সার্জন হাসপাতাল বন্ধের নির্দেশ দেন।
এদিকে, জেলা ক্লিনিক মালিক সমিতির নেতারা রোগীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন এবং সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে আল-হেরা হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি এ বিষয়ে সরাসরি মুখোমুখি কথা বলবেন।