
মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলে অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। অন্যদিকে জেলার বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে টিনের চাল কেটে নগদ অর্থ ও পণ্যসামগ্রী চুরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে (প্রায় রাত ২টার দিকে) শহরের হুগলবাড়িয়া এলাকায় নাটোর চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ভারী বর্ষণ চলছিল। ডাকাতদল ডিউটিতে থাকা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে এবং মিলের লাখ লাখ টাকার যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। তবে সঠিক পরিমাণ ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, “গার্ডরা রাতভর পাহারায় ছিলেন। মধ্যরাতে ডাকাতরা তাদের বেঁধে ফেলে যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। তদন্ত শেষে সঠিক হিসাব বলা সম্ভব হবে।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মিলের অভ্যন্তরের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে বড়াইগ্রামের কয়েন বাজারে মোজাফফর হোসেনের মালিকানাধীন মেঘলা এন্টারপ্রাইজ নামের সার ও কীটনাশকের দোকানে একই রাতে চুরির ঘটনা ঘটে। দোকানের টিনের চাল কেটে নগদ প্রায় ৫০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ কীটনাশক চুরি হয় বলে জানা গেছে। সঠিক ক্ষয়ক্ষতির হিসাব নেয়া হচ্ছে।
এমন ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।