
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিপুস ক্যান্টিনের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর শরীফ এবং ছাত্র ইউনিয়নের নেতা সুবর্ণা ধর বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশে শুধু ধর্ষণই নয়, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অতীতেও ধর্ষণের বহু ঘটনা ঘটলেও বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে গেছে, যার ফলে এ ধরনের ঘটনা বেড়েই চলছে। নারীদের পোশাককে দায়ী না করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।