
কক্সবাজার থেকে: কামরুন তানিয়া
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ অনুযায়ী নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় কক্সবাজার সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন বিএডিসি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী নিরাপত্তা, ক্ষমতায়ন এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্স (জিএনডব্লিউপি)-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) পরিচালিত ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত মাসগুলোতে আয়োজিত সভাগুলোর কার্যবিবরণী ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা ছাড়াও, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির অগ্রগতি, বাল্যবিবাহ রোধ, যৌন হয়রানি ও মাদক বিরোধী সচেতনতামূলক সাইনবোর্ড, লিফলেট, স্টিকার ও বিলবোর্ড স্থাপন বিষয়ে আলোচনা হয়। আগামী সভাগুলোতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পৃক্ত করে করণীয় নির্ধারণের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য মাইন উদ্দিন হাসান শাহেদ। যৌথভাবে সভা পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী এবং মাঠ সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সিসিডিএফ-এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সহকারী শিক্ষক সুরাইয়া আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য হুমাইরা বেগম, কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক কলিম উল্লাহ, ইউএনকেএস-এর নির্বাহী পরিচালক পাপিয়া রানী দেসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
এই সভা কক্সবাজারে নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।