
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের হামলার অভিযোগকে কেন্দ্র করে বিচারকাজ বর্জন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। একই সঙ্গে অভিযুক্ত বিচারক সুজন মিয়ার অপসারণ এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলা বার ভবনের সামনে আইনজীবীরা জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকালে বিচারক সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে সাবিহা সুলতানা নামে এক নারী শিক্ষানবিশ আইনজীবী আহত হন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনরত আইনজীবীরা।
প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, প্রকাশ্য আদালতে একজন নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। তারা আদালতে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি অভিযুক্ত বিচারকের দ্রুত অপসারণের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের বিচারকাজ বর্জন ও আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাঁর বিচারিক (আমলি) ক্ষমতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
NGS/MMH