
নাশকতার মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন শাহকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর ওপর সংঘটিত নাশকতার ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন। মামলায় খোকন শাহ ২ নম্বর আসামি এবং সাবেক পৌর মেয়র আনজুমান আরা ২৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন।
এর আগে, ২৭ জানুয়ারি হাইকোর্ট থেকে তারা ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। তবে, ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হলে বিচারক জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আদালত চত্বর থেকে আসামিদের নেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় আসামিদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় আনজুমান আরা ও খোকন শাহ “জয় বাংলা” স্লোগান দিলে এক বিক্ষুব্ধ ব্যক্তি মেয়রের গায়ে ডিম নিক্ষেপ করে।