
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
নিউইয়র্ক স্টেট সিনেট সর্বসম্মতভাবে ১৪ এপ্রিলকে ‘বাংলা নববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। ২২ জানুয়ারি, সিনেটর লুইস সেপুলভেদার উত্থাপিত রেজ্যুলেশন ২৩৪ (Memorializing Governor Kathy Hochul to proclaim April 14, 2025, as Bangla New Year Day in the State of New York) পাস হয়। এর ফলে নিউইয়র্ক স্টেটের বিভিন্ন পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনের ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিৎ সাহার উদ্যোগে এই রেজ্যুলেশনটি প্রণয়ন ও পাশের প্রক্রিয়া সম্পন্ন হয়। নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবেন।
বাঙালি সংস্কৃতির বিকাশে নিউইয়র্কে নববর্ষ উদযাপন
বাঙালি সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ বিভিন্ন স্থানে প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করা হয়। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ও প্রবাসী বাঙালিরা শতাধিক সংগঠনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য আয়োজন করে আসছেন। টাইমস স্কয়ারে ‘শতকণ্ঠে বৈশাখ’ উদযাপন এবং জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা এরই প্রমাণ।
২০২৪ সালে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জ্যাকসন হাইটসে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। কলকাতা, ঢাকা, যুক্তরাষ্ট্র ও কানাডার খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এ আয়োজন বাঙালিদের ঐতিহ্যকে মহিমান্বিত করেছে।
বাঙালি মেধার অবদান ও গর্ব
বিশ্বখ্যাত স্থপতি এফ আর খান, সেতার বাদক আলী আকবর খান, লেখক ঝুম্পা লাহিড়ি, ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা জাওয়াদ করিম, এবং খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খানের মতো প্রথিতযশা বাঙালিরা বহুজাতিক আমেরিকায় বাঙালির গৌরব তুলে ধরেছেন।
নিউইয়র্ক স্টেট সিনেটে ‘বাংলা নববর্ষ’ রেজ্যুলেশন পাস হওয়া বাঙালি সংস্কৃতির গুরুত্ব ও ভূমিকার প্রতি এক অনন্য স্বীকৃতি। বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শিল্পীরা এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এই ঘোষণার ফলে আসন্ন ১৪ এপ্রিল নিউইয়র্ক স্টেটে বাংলা নববর্ষ উদযাপন আরো বর্ণিল এবং ঐতিহ্যবাহী হবে বলে আশা করা হচ্ছে।