
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জমাদ্দার নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা দুটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে ডুমুরিয়া-মির্জাপুর এবং সাজিয়াড়া-ডুমুরিয়া সড়কে ইটের সোলিংয়ের মাধ্যমে সংস্কারকাজ সম্পন্ন করা হয়। স্থানীয়দের মতে, সড়ক দুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থী, ভ্যানচালক, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ সড়ক দুটি ব্যবহার করেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান জমাদ্দার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন। এর আগে গত বছরও তিনি গফ্ফার সড়কসহ বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে সড়ক মেরামত করেছিলেন।
সংস্কারকাজ পরিদর্শনকালে শাহজাহান জমাদ্দার বলেন, “জনসেবা ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে সড়ক দুটি জরাজীর্ণ থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ভ্যানচালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সেই কষ্ট লাঘব করতেই আমি নিজস্ব অর্থায়নে সংস্কারকাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, ডুমুরিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবামূলক ইউনিয়নে পরিণত করতে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
সংস্কারকাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান শফিকুল ইসলাম, সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমাদ, হাফেজ মাওলানা ইলিয়াস, সংরক্ষিত নারী ইউপি সদস্য আসমা পারভীন, ইউপি সদস্য মোহাম্মদ লুৎফর মোড়ল, সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম ঋজু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, জিয়া প্রজন্ম দল ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
কাজ শেষে স্থানীয় ভ্যানচালক, মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়ক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শাহজাহান জমাদ্দারকে ধন্যবাদ জানান।
NGS/MMH