
নিজস্ব প্রতিনিধি: কামরুন তানিয়া
থাইংখালীতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নেক্সাস নলেজ (Nexus Knowledge) একাডেমির শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৫) সকাল ১১টার দিকে একাডেমির নতুন অফিস ভবনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আবছার। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাফেজ হাকিম। পরে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আরিফ মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুখালীর কবি, সাহিত্যিক, সমাজসেবক ও রাজবংশের প্রবীণ প্রিয় মুখ একরামুল কবির বাবলু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষা ও ইংরেজি শিক্ষার মান উন্নত করে আন্তর্জাতিক মানের সঙ্গে সংযুক্ত রেখে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ; তাই তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সঠিক ও সময়োপযোগী শিক্ষা প্রদান করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাস্টার সাব্বির আহমেদ, হাবিব উল্লাহ, আব্দুল্লাহ আল হারুন, রিদুয়ানুল আজিজ এবং আকরাম ফারুক শাকিল। বক্তারা নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা আরিফ মামুন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং নেক্সাস নলেজ একাডেমিকে একটি মানসম্মত, আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তার ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
NGS/MMH