
সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ১৭ই মার্চ, সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মোকরামপুর এলাকায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা আদায় থেকে শুরু করে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার জানান, ওই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসংখ্য নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।
গত ৮ তারিখ এক নারী নির্যাতনের ঘটনায় ওই নেতার নাম জড়িয়ে পড়ে। অভিযোগ, তিনি তৃণমূলের দলীয় কার্যালয়ে এক বিজেপি নেত্রীকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর সাতদিন কেটে গেলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায়, সোমবার নির্যাতিতার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার।
পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি এক নারীর জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে কুড়ি জন নারীর অভিযোগ পেলাম। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নারীদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তোলা আদায়, বাড়ি দখল, এবং শারীরিক নির্যাতনের মতো অপরাধ করে আসছেন। তাকে এই এলাকার ‘বেতাব বাদশা’ বলা যায়।”
এরপর তিনি নারায়ণগড় থানায় যান এবং ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। থানা থেকে বেরিয়ে তিনি জানান, পুলিশ তাকে আশ্বাস দিয়েছে ১৫ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি তা না হয়, তাহলে আমাদের প্রতিরোধ ব্যবস্থা তৈরি আছে।”
নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করে তিনি বিদায় নেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।