
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রাম থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাবের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
বুধবার (৮ জুলাই, ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খবির মোল্লা কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের কাউসার মোল্লার ছেলে।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে খবির মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে খবির মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া তার নামে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
খবির মোল্লার গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছিল। তার গ্রেপ্তারে এলাকায় শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে তারা মনে করছেন।
NGS/MMH