
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের প্রথম কাবাডি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে পাঁচ দলীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা সম্ভব। কমিউনিটি পুলিশের এমন আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও বাড়বে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর একটি। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ফলে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও পারস্পরিক বন্ধন তৈরি হবে।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে এবং মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ দলের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চাকে আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক নাজমুল হক প্রিন্সসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় নারী বিভাগে চাঁচড়ি-পুরুলিয়া মহিলা দল এবং পুরুষ বিভাগে কালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দল প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।