
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মান্নু শেখের স্ত্রী তহমিনা বেগম ওরফে তুহিনকে আটক করা হয়।
এরপর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের জুশালা গ্রামে পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মৃত সৈয়দ মহেশ্বরের ছেলে সৈয়দ বোরহান উদ্দিন ওরফে ‘ভেজা বোরহান’ এবং বাবরা গ্রামের সানোয়ার খানের ছেলে বাপ্পী খানকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালতের সামারি ট্রায়াল প্রসিকিউশন ০১/২৬-এর মাধ্যমে তহমিনা বেগমকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
ওসি মোঃ ইদ্রিস আলী আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পাশাপাশি এলাকার সচেতন মানুষ ও সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে দ্রুত মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।