
শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে সমরযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবদান স্মরণ করে উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
NGS/MMH