
উজ্জ্বল রায় নড়াইল
নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত হান্নান খান (৬০) শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সংঘর্ষে গুরুতর আহত হন এবং খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ নভেম্বর) ভোরে মারা যান। তিনি মৃত জরিফ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হান্নান খানের সঙ্গে ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়াও আহত হন। আহতদের প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয়রা বলেছেন, সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসন ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।