
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া ইউনিয়নের চারটি গ্রামে চোরের উপদ্রব রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় কালনা-লোহাগড়া-লাহুড়িয়া আঞ্চলিক সড়কের কাউড়িখোলা-কামঠানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পরিচালিত হয়।
লোহাগড়া ইউনিয়নের চারটি গ্রামের প্রায় দুইশ’ গ্রামবাসী এতে অংশ নেন। সমাবেশ ও মানববন্ধনে ইউপি সদস্য মো: রতন শেখ, ব্যবসায়ী ইমদাদুল হক শিপন, মো: ইলিয়াস শেখ, মো: হোসেনুর মোল্যা, হায়দার আলী, ইনামুল শেখ, মো: আজমল হোসেন, কৃষ্ণ সরকার, তরুলতা সরকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জানান, লোহাগড়া ইউনিয়নের মোচড়া গ্রামের মৃত সরোয়ার শেখের দুই ছেলে, আবু তাহের (২৯) ও হিজবুল্লাহ সাকিব (২৭), মোচড়া, কাউড়িখোলা ও কামঠানা এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি চিহ্নিত চোর হিজবুল্লাহ সাকিব কামঠানা গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মানিক সরকারের বাড়িতে প্রবেশ করে চুরি করতে গেলে, বাড়ির সদস্যরা চুরির ঘটনা টের পেয়ে গ্রামবাসীদের খবর দেন। এরপর গ্রামবাসী হিজবুল্লাহ সাকিবকে ধরেন এবং উত্তম-মাধ্যমে লোহাগড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ ঘটনার পর হিজবুল্লাহ সাকিবের মা জাহানারা বেগম স্থানীয় পাঁচ জনের নাম উল্লেখ করে নড়াইল পুলিশ সুপারের কাছে অভিযোগ দাখিল করেছেন বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে চিহ্নিত চোরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এতে স্থানীয় জনগণ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস চান।