
রাসেল মোল্লা, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা-ভবানীপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ধান ভর্তি একটি গোডাউন ও কাঠের কারুকাজের দোকান আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, রাতের সময় বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। সেই সময়ই দোকানঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউন ও কাঠের কারুকাজের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
কাঠের কারুকাজের দোকান মালিক ইলাহি মোল্যা বলেন, তার দোকানে কম্পিউটার, ফার্নিচার তৈরির মেশিন, সি.এন.সি. রাউটার, কাঠ ও প্রস্তুত আসবাবপত্রসহ ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ধান ব্যবসায়ী মাসুদ মোল্যা জানান, তার গোডাউনে প্রায় ১২–১৫ লাখ টাকার ধান ছিল, যা আগুনে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, তার দোকানের ভবন ও টিনও পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। ভাড়া দেওয়া ঘরে ব্যবসা করায়, তার ক্ষতি শুধুই নিজের নয়।
এছাড়া কাঠের কারিগরের দোকানেও ২০–৩০ জন কর্মচারী নিয়মিত কাজ করতেন। আগুনে যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় তারা ও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, দুইটি দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ধ্বংস হয়েছে। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিত বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি আবেদন করলে নিয়ম অনুযায়ী সহায়তা প্রদান করা হবে।