
উজ্জ্বল রায়, নড়াইল
নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শান্তা খাতুন সানজিদা (১৯) নামে এক যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সানজিদা নড়াইল সদর উপজেলার তুলারামপুরের তরফদারপাড়া এলাকার বাকির শেখের মেয়ে। সোমবার (৩ নভেম্বর) রাতে সদর হাসপাতালের মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারকৃত সানজিদাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নড়াইল জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।