
নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় মসজিদ কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল তোলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন এবং মসজিদ ও মক্তবের জন্য ‘মুষ্টির চাল’ সংগ্রহকে কেন্দ্র করে একই এলাকার আলম গ্রুপ ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে বিরোধ মিমাংসার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালে মতবিরোধ সৃষ্টি হলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
আহতদের মধ্যে আলম গ্রুপের ইস্রাফিল বিশ্বাস, বাদশাহ, মোচা বিশ্বাস, লিপন বিশ্বাস, জিন্না বিশ্বাস ও রাব্বি বিশ্বাসসহ আটজন রয়েছেন। অপরদিকে মেজবাহ গ্রুপের মিন্টু বিশ্বাস, লিটন বিশ্বাস, মশিয়ার বিশ্বাস ও নাসিরুল মোল্লাসহ চারজন আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।