
নড়াইল প্রতিনিধি
বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের দায় পরিবারে চাপিয়ে দেওয়া এবং জমির দলিল বন্ধক রেখে অর্থ উত্তোলনের অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নড়াইলের একটি পরিবার। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় ছোট ভাই সাহেদ হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোনের পরিবার। এর মধ্যে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসার আড়ালে বিভিন্ন ব্যাংক, এনজিও এবং এমনকি জমির দলিল বন্ধক রেখে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেন। এসব বিষয়ে তিনি কাউকে কিছু জানাননি।
পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ প্রকাশ করে বলেন—“আমার ব্যবসা আমি নিজেই দেখবো, তোমরা এতে হস্তক্ষেপ কোরো না।” পরিবারের অভিযোগ, জাহিদের ঋণ-খেলাপি কর্মকাণ্ডের কারণে তারা সামাজিক ও আর্থিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন।
রাশেদুল ইসলাম জানান, পারিবারিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে ভবিষ্যতে কোনো যোগাযোগ থাকবে না এবং তার দায়-দায়িত্ব পরিবার গ্রহণ করবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, হঠাৎ ঋণদাতারা বাড়িতে এসে টাকা চাইতে শুরু করায় মানসিক চাপ তৈরি হয়েছে। জাহিদের ঋণসংক্রান্ত কোনো জটিলতা বা আর্থিক দায়ভার তারা বহন করবেন না।
NGS/MMH