
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল সদর থানা পুলিশের তৎপরতায় চোরাই ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/-টাকা মূল্যের এমবি ও মিনিট কার্ডসহ দুইজন পেশাদার চোর গ্রেফতার হয়েছেন। শনিবার (২০ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৩টার দিকে পরিচালিত বিশেষ অভিযানে তাদের ধাওয়া করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত ৩টা ৭ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে গোবরা বাস স্ট্যান্ড সংলগ্ন সুমন সুপার মার্কেটের রাইশা টেলিকম ও মোবাইল এক্সেসরিজ শোরুম থেকে অজ্ঞাতনামা চোরেরা ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/-টাকার এমবি ও মিনিট কার্ড চুরি করে পালিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী আবু তালিব বিশ্বাস (২৫) ওই ঘটনায় সদর থানায় চুরির মামলা দায়ের করেন।
মামলা রুজুর পরপরই নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুল ইসলাম-এর তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) শেখ সুজাত আলী এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম মাঠে নামে। এর ধারাবাহিকতায় ২০ নভেম্বর রাত ৩:৪০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাজু মোল্যা (৩০) ও ফজর আলী মোল্যা (২৪) নামে দুইজনকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ হেফাজত থেকে উদ্ধার করা হয় চোরাই ২৫টি মোবাইল ফোন এবং ১১,২২০/-টাকার এমবি ও মিনিট কার্ড। ধৃতরা উভয়ই খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পারহাজী গ্রামের মোঃ বাবুল মোল্যার ছেলে। গ্রেফতারকৃত দুইজনকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, “জেলার মানুষজনের জানমাল রক্ষায় পুলিশ প্রতিনিয়ত সতর্ক ও তৎপর। এমন ধরনের অপকর্ম কঠোরভাবে দমন করা হবে।”