
নিজস্ব প্রতিবেদক
নড়াইল, ২ ফেব্রুয়ারি ২০২৬:
নড়াইল-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেছেন, দেশের মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজার মাঠে চাচুড়ি জামায়াতে ইসলামের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। নড়াইল-১ আসনের মানুষ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার প্রতিটি মানুষের ন্যায়সংগত অধিকার আদায়ে আমি আপসহীন ভূমিকা রাখব। দুর্নীতিমুক্ত প্রশাসন, ইনসাফভিত্তিক সমাজ ও যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা ষড়যন্ত্রে জড়ানো যাবে না। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিজয়ের পথে এগিয়ে যেতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে কালিয়া উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, “দেশের মানুষ আজ বিকল্প নেতৃত্ব খুঁজছে। বারবার ক্ষমতায় গিয়ে যারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি, যারা কথা নয়—কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায়। নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণসমর্থন তৈরি হচ্ছে, তা বিজয়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলতে হবে, জামায়াতের কর্মসূচি ও আদর্শ তুলে ধরতে হবে এবং যেকোনো উসকানি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পুরুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি এম. টি. আর. সিদ্দিক, সেক্রেটারি আব্দুল কাদেরসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা সবাই নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।