
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবদুন গ্রামের রিংকু সরকার (৩২), স্বামী প্রবাসী পরিতোষ চক্রবর্তী। গত ১৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি ঘর থেকে নগদ ৯৫ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় শব্দ পেয়ে রিংকু সরকারের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেন। তখন ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে দেন। এতে তার বাম হাতের তালুতে গুরুতর জখম হয়। পরে অভিযুক্ত ব্যক্তি চুরি করা মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
NGS/MMH