
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানায় এক রিকশাচালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. হাবিবুর শেখ নড়াগাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি ওয়ার্ড বিএনপির সভাপতির ছেলে আব্দুল্লাহ শিকদার, পিয়াউল শিকদার এবং পাশের উপজেলা মোল্লাহাটের হোসেন চৌধুরী ও নাদিম চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে রিকশাচালক তরিকুল ইসলাম গোপালগঞ্জ শহরে যাওয়ার পথে চর বল্লাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁর রিকশার গতিরোধ করেন। এ সময় তাঁকে রিকশা থেকে নামিয়ে লোহার রড, ছোরা ও চাকু দেখিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর রিকশাসহ একটি পানির মোটর, পকেটে থাকা ২ হাজার ৫০০ টাকা এবং আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনেরা।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তরিকুল ইসলামকে উদ্ধার করেন এবং তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে গত রোববার গোপালগঞ্জ থেকে রিকশাটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসারও চেষ্টা চলছে।
অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নড়াগাতী থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।