
মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
দৈনিক নয়া দিগন্তের পঞ্চগড়ের বোদা উপজেলা সংবাদদাতা তোফাজ্জল হোসেন মিনি স্ট্রোকে (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক) আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বুধবার (৬ আগস্ট) দিবাগত রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন আছেন।
তোফাজ্জল হোসেনের বড় ছেলে আব্দুর রহমান জানান, “আব্বা বুধবার রাতে অসুস্থ বোধ করলে আমরা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।” তিনি আরও জানান, প্রায় সাত মাস আগে তার বাবা একবার মিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে স্থানীয় প্রেসক্লাব, সহকর্মী সাংবাদিক ও সুধীসমাজ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।