
পটুয়াখালীতে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান, সিভিল সার্জন এসএম কবির হাসান, ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মোঃ সাজেদুল হক এবং জেলা বিএসটিআইয়ের উপ পরিচালক নূর মোহাম্মদ মোস্তফা।
আলোচনায় বক্তারা বলেন, আইন প্রয়োগ বা শাস্তির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়, সবার আগে সচেতনতার প্রয়োজন। বিশ্বব্যাপী সব ক্ষেত্রে মানের গুরুত্ব বাড়ছে, এবং প্রতিটি পণ্যের মান উন্নয়নে গুরুত্ব দেওয়া জরুরি। ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে হবে, কারণ মানহীন ও অনিরাপদ পণ্য ভোক্তার জন্য ক্ষতিকর।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।