
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে সমবেত হন। সকাল সাড়ে ৮টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
পরে, কেক কাটার পর উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে শেষ হয়। শোভাযাত্রায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বিভিন্ন কর্মসূচি:
সকাল সাড়ে ৯টায় হেলথ কেয়ার সেন্টার ও টিএসসির সামনে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালিত হয়। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটির কনভেনর অধ্যাপক ড. মোঃ মাহবুব রব্বানী।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন:
বেলা ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল, হাঁড়িভাঙা, হাস-মুরগির দৌড় ও রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বিকাল ৩টায় টিএসসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের অর্জন বিষয়ক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, হল, গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।