
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
এ মামলার প্রধান আসামি বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে দুমকি উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আনোয়ারকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নাম উল্লেখ থাকা আসামিরা হলেন—বেল্লাল হাওলাদার (২০), মুহাম্মদ রিফাত (২২), বাবুল প্যাদা (৩৫) ও রাসেল হাওলাদার (৩৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। তাকে বাঁচাতে গিয়ে তার বন্ধু মো. ইব্রাহীম গুরুতর আহত হন। এছাড়া, আসামিরা দিপুর সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে আদালতে পাঠানো হবে।
এর আগে, রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে আসেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় আমন্ত্রণ না পাওয়াকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উপজেলা বিএনপির নেতা জসিম উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান আহত হন।
সামাজিক বার্তা: রাজনৈতিক সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সংঘর্ষ ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য মেটানোই সভ্য সমাজের চিহ্ন।