
মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় অতিরিক্ত ধানবোঝাই আলমসাধু উল্টে সোহরাব মোল্লা নামে এক পথচারী এবং চালক আফজাল ফকির আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত সোহরাব মোল্লা গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। চালক আফজাল ফকির কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আগড়ঘাটা এলাকা থেকে একটি ধানবোঝাই আলমসাধু পাইকগাছার দিকে আসছিল। গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে যানটির বাম পাশের চাকা ফেটে যায় এবং ভারসাম্য হারিয়ে সেটি উল্টে যায়। এ সময় পথচারী সোহরাব মোল্লা ধানের বস্তার নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ধানের বস্তা সরিয়ে সোহরাব মোল্লাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দুর্ঘটনায় আলমসাধুর চালক আফজাল ফকিরও আহত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দুর্ঘটনাকবলিত আলমসাধু ও ধান গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দ করে রাখা হয়েছে।