
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীসহ আটক ছিনতাইকারী।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারে একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক। তিনি জানান, “দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলাম। সরকারি দীঘির পুকুরপাড় এলাকায় পৌঁছালে তিনজন যুবক আমার গতিরোধ করে এবং হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। পরে তারা আমার ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে।” তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীর নাম তুহিন দাশ। আহত অবস্থায় তাকে পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাচি শিকদার জানান, “আহত ব্যবসায়ী সাধন দেবনাথ ও গণপিটুনিতে আহত ছিনতাইকারী তুহিন দাশ প্রাথমিক চিকিৎসাধীন ছিলেন। তুহিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়েছে।”
এ ঘটনায় এখনও পলাতক রয়েছে অপর দুই ছিনতাইকারী। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয়দের দাবি, বাঁকা বাজার এলাকায় নিয়মিত টহল জোরদার না থাকায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে।