
মোঃ হাচিবুর রহমান কালিয়া (নড়াইল)
নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১৯ মে (সোমবার) সকাল ৮টায় পুটিমারী বাজারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই গ্রামের নুরো শেখের মেয়ে ও স্বামী পরিত্যক্তা পান্না বেগম দীর্ঘদিন ঢাকায় ছিলেন এবং অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি নিজ গ্রামে ফিরে এলেও আগের মতোই এলাকার ও বাইরের লোকজন এনে এসব কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা প্রতিবাদ করলেই তিনি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন।
গ্রামের বাসিন্দা বাবলু শেখ ও সুফিয়া বেগম জানান, পান্না বেগম একবার তাদের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন। পরে তার মা এসে ক্ষমা চেয়ে তাকে নিয়ে যান। এর কিছুদিন পর পান্না বেগম সুফিয়া বেগমের দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন, যা পরবর্তীতে আদালতে মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়।
আরও অভিযোগ করা হয়, চলতি মাসের ৫ তারিখ রাতে নড়াগাতী থানা পুলিশ একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে খুঁজতে পান্না বেগমের বাড়িতে গেলে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয় চৌকিদারের সহায়তায় দরজা খোলা হলে ভিতরে একই গ্রামের ইকরাম শেখকে পাওয়া যায়, যিনি স্বীকার করেন তিনি অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সেসময় সামাজিকভাবে মীমাংসিত হয়।
তবে ওই রাতেই পান্না বেগম নিজ ঘরের তালা ও জানালার ভাঙচুর ঘটিয়ে, বাহিরের বেড়ায় আগুন লাগিয়ে থানায় মামলা করতে যান। পুলিশ মামলা গ্রহণ না করায়, তিনি আদালতে পুটিমারী গ্রামের ইঞ্জিনিয়ার লিমন শেখ, খালিদ হাসানসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ এনে মামলা করেন।
এলাকাবাসীর অভিযোগ, এসব মিথ্যা মামলা দিয়ে পান্না বেগম তার অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এসব কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন চৌকিদার আয়নাল শেখ, হেকমত আলী শিকদার, মাহফুজ মোল্যা, ইকলাজ শেখ, নাজিম শেখসহ অনেকে।