
প্রতিবেদক: আরিফুজ্জামান (সাগর)
পুলিশ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীও সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। পুলিশ সুপার থেকে শুরু করে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় পুলিশ বাহিনীর অপারেশনাল কার্যক্রমকে আরও দক্ষ ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাসঙ্গিক প্রস্তাব ও পরামর্শ উপস্থাপন করা হয়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে। তিনি মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদানের প্রশংসা করে বলেন, অতীত গৌরব ধরে রাখতে হলে সেবার মানোন্নয়ন জরুরি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি সম্প্রতি ঈদুল ফিতরসহ বিভিন্ন জাতীয় আয়োজনে পুলিশের দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানান।
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ।” তিনি পুলিশের মাঝে জনবান্ধব আচরণ ও ফ্যাসিবাদী মনোভাবের পরিবর্তনের ওপর জোর দেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, পুলিশ যখন তথ্যপ্রযুক্তি ব্যবহার করবে তখনই তারা প্রকৃত অর্থে জনগণের পুলিশ হয়ে উঠবে। তিনি জানান, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আইসিটি বিভাগ সবধরনের সহযোগিতা দেবে। মতবিনিময় সভাটি ছিল আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।