
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
আজ বুধবার, ২২ জানুয়ারি, দুপুর ২টায় কলকাতার আলিপুর ন্যাশনাল লাইব্রেরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত বক্তৃতা সংকলনের প্রথম গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। গ্রন্থটি সংকলন করেছেন শ্রী রথীন্দ্র বোস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। বিশেষ অতিথি ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বাউল সম্রাট পূর্ণদাস বাউল, বিখ্যাত সুচিশিল্পী পদ্মশ্রী প্রাপ্ত শ্রীমতী প্রীতিকণা গোস্বামী, এবং ড. স্বরূপ প্রসাদ ঘোষ (ডিরেক্টর, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ)। এছাড়াও উপস্থিত ছিলেন ড. অনির্বাণ গাঙ্গুলী (চেয়ারম্যান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন), প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তমগ্নো ঘোষ, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে ড. আশুতোষ মুখার্জি ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে প্রদীপ প্রজ্বলন ও বন্দেমাতরম গানের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
১০ বছরের নির্বাচিত বক্তৃতার সংকলন
এই গ্রন্থে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ৫৮টি উল্লেখযোগ্য বক্তৃতা অন্তর্ভুক্ত হয়েছে। বক্তৃতাগুলোতে ভারতের উন্নয়ন পরিকল্পনা, গুজরাট মডেল, এবং মানুষের সেবায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ রয়েছে। বক্তারা এই সংকলনকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
প্রধান অতিথি ডা. মানিক সাহা বলেন, “এটি শুধু একটি গ্রন্থ নয়, বরং নরেন্দ্র মোদীর চিন্তা ও দর্শনের প্রতিফলন। এই গ্রন্থটি সাধারণ মানুষ ও দলের কর্মীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।”
অনুষ্ঠানের শেষে গ্রন্থটির সংকলক রথীন্দ্র বোসকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত আরো এগিয়ে যাবে।
ন্যাশনাল লাইব্রেরি ও তার ঐতিহ্য
অনুষ্ঠানে আলোচিত হয় জাতীয় গ্রন্থাগারের ঐতিহ্য, যেখানে প্রায় ৮৭ হাজার গ্রন্থের সংগ্রহ রয়েছে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচেষ্টায় এই গ্রন্থাগার গড়ে উঠেছিল। বক্তারা তার অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলন, বাউল গান ও স্মারক উপস্থাপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।