
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ৮ দলীয় ‘আট্টাকী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’–এর জমকালো উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কাজী আজহার আলী কলেজ মাঠে বেলুন, পতাকা ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহ নেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক মীর, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ তৈয়বুর রহমান।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খেলা আয়োজন কমিটির সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়। সাধারণ সম্পাদক মামুন ফকরী, সহসভাপতি তানভীর ইসলাম লিমন, সদস্য শেখ মুশফিকুজ্জামান রাফিন, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ সয়দ আলী রবি ফকিরীসহ স্থানীয় হাজারো দর্শক উদ্বোধনী দিনে মাঠে ভিড় করেন।
টুর্নামেন্টকে ঘিরে কাজী আজহার আলী কলেজ মাঠ সাজানো হয় দৃষ্টিনন্দন রূপে। আলো–সজ্জা, মাঠের কারুকাজ, মঞ্চ প্রস্তুতি ও রঙিন পরিবেশে ফুটে ওঠে ইউরোপিয়ান ফুটবল মাঠের আবহ। স্থানীয় দর্শকদের অনেকে বলেন, ফকিরহাটে এত বড় আয়োজন দক্ষিণবঙ্গেই বিরল।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নৈহাটি সান স্কেটিং ক্লাব ও খুলনার টাইগার ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে নৈহাটি ২–০ গোলে জয়লাভ করে। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলোয়াড়রা টাইগার ক্লাবকে কোনো গোলের সুযোগ কাজে লাগাতে দেননি। শক্তিশালী রক্ষণভাগ এবং গোলরক্ষকের অসাধারণ সেভে টাইগার ক্লাব একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ম্যাচসেরা নির্বাচিত হন মহিবুল্লাহ (বরগুনা), যিনি দলের হয়ে এক গোল করেন এবং দারুণ পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন।
ম্যাচ পরিচালনা করেন রেফারি মরিয়াজ সরদার; সহকারী রেফারি ছিলেন সুমন রাজু ও জসিম। পরিচালনার মান এবং খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন দর্শকেরা।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, তরুণদের সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত প্রজন্ম গঠনে এমন ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। অন্যান্য অতিথিরাও খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
খেলার দিনে কাজী আজহার আলী কলেজ মাঠ ছিল উৎসবমুখর। পরিবারের সদস্যদের নিয়ে হাজারো মানুষ খেলা উপভোগ করেন। দর্শকদের অনেকে বলেন, ফকিরহাটে এমন বড় আয়োজন তাদের গর্ব বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও খেলার দাবি জানান।
আয়োজক আট্টাকী যুব সংঘ ক্লাব জানায়, পুরো টুর্নামেন্টে মাঠ, নিরাপত্তা ও দর্শকদের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।