
মো. মাসুম সরদার, স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সাহপাড়ায় ফেরী-ট্রলারের সংঘর্ষে নিহত আকাশ সরকারের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্দেশে এবং আইচগাতী ইউনিয়ন বিএনপির সার্বিক তত্ত্বাবধানে নিহতের পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজারসহ সহায়তা দেওয়া হয়।
বুধবার (২৭ আগস্ট) এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপির সদস্য শেখ শফিকুল ইসলাম শফিক, আইচগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবু সাইদ, রূপসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসারেফ শিকদার, খান মোঃপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকিল, হিন্দু সম্প্রদায়ের প্রসান্ত কুমার ও মনিসংখরসহ আরও অনেকে।
এ সময় শেখ শফিকুল ইসলাম শফিক নিহত আকাশের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, “জননেতা আজিজুল বারী হেলাল আপনার পাশে আছেন। বিধবা ভাতার বিষয়টি নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।”
প্রসঙ্গত, গত ২১ আগস্ট রাতে সেনের বাজার ঘাট এলাকায় মাঝ নদীতে ফেরী ও ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হন আকাশ সরকার। পরবর্তীতে ২৩ আগস্ট দুপুরে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর তীরে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ খুলনা শহরের জলিল টাওয়ারের পাশে হাবিব অপটিক্যাল-এ কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আকাশের মৃত্যুর ফলে তার মা, বিবাহিত বোন এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী চরম অনিশ্চয়তায় পড়েছেন।