
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ২৩ জুলাই ২০২৫
কক্সবাজারের মহেশখালীর উপকূল থেকে ২৫ মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা চার দিন ধরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার ও এর ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার হওয়া ‘হাবিবা’ নামের ট্রলারটি ভোলা জেলার মনপুরা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) নিয়মিত টহলের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। ট্রলারটির লোকজন জাহাজের দিকে হাত নাড়িয়ে বিপদ সংকেত দিলে নৌ সদস্যদের সন্দেহ হয় এবং জাহাজটি দ্রুত সেখানে পৌঁছায়। এরপর জানা যায়, ট্রলারটির ইঞ্জিন গত চার দিন আগে বিকল হয়ে যাওয়ার পর থেকে এটি গভীর সমুদ্রে অনিয়ন্ত্রিতভাবে ভাসছিল।
জেলেরা জানান, দীর্ঘ সময় ধরে ট্রলারে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে তারা চরম দুর্দশায় ছিলেন। বিষয়টি উপলব্ধি করে নৌ সদস্যরা তাদের জরুরি খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেন। পরে যুদ্ধজাহাজের সহায়তায় ট্রলার ও জেলেদের নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে উদ্ধার হওয়া সব জেলেই সুস্থ আছেন। জীবন রক্ষার এই সাহসী অভিযানের জন্য জেলেরা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্র অর্থনীতি রক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় একাধিক যুদ্ধজাহাজের মাধ্যমে দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।