
চট্টগ্রাম প্রতিনিধি
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয় নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্গত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের সময় দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন এবং বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
NGS/MMH