
শেখ নাসির উদ্দিন খুলনা প্রতিনিধি
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে খুলনার বাগমারা এলাকায় মারকাযুল উলূম মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মুফতী গোলাম রহমান।
জাতীয় ইমাম পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাকির হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, বন্যাকবলিত এলাকার অসহায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক ও ইসলামী দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি দ্রুত ত্রাণ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী, ইমাম, খতিব এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের এ সময়ে রাজনৈতিক বা ব্যক্তিগত বিভেদ ভুলে মানবতার সেবায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
সভায় সিদ্ধান্ত হয়, খুলনা মহানগর ও জেলার বিভিন্ন মসজিদ এবং সংগঠনের মাধ্যমে নগদ অর্থ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শিশু খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় পাঠানো হবে। পাশাপাশি দ্রুত ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইব্রাহিম খলীল, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী আবদুল্লাহ মুখতার, মুফতী হুমায়ূন কবীর, মাওলানা এখলাসুর রহমান, মুফতী রিজওয়ানুল কারীম, মুফতী নাজিমুদ্দিন, মুফতী মামুনুর রশীদ, মুফতী নাজমুস সাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম এবং মাওলানা বাইজিদ হুসাইন।
এছাড়াও জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
NGS/MMH