
আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।
মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দলের কর্মকর্তারা।
পরিদর্শনকালে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনগুলোর ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাদের ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, যেমন বিশেষায়িত স্যুট, অত্যাধুনিক রোবট ও ট্যাকটিক্যাল কমান্ড ভেহিকল (টিসিভি) পরিদর্শন করেন।
এসময় সেনাবাহিনীর প্রশিক্ষণ দলের কর্মকর্তারা পুলিশের অধীনে পরিচালিত বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়া, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়, যা দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।