1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়া প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাভার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেনাসদস্য সৈনিক মাসুম বিল্লাহর মৃত্যু ! মাত্র ২২ বছর বয়সেই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা, জয়নগর ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ২২ নম্বর ওয়ার্ড সম্মেলন  নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী পার্পিয়া, আবারও নির্বাচনী মাঠে তেরখাদায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

বাঐসোনা ভূমি অফিসের নিজস্ব খাসজমি থাকা সত্ত্বেও ভুল তথ্য দিয়ে অন্য গ্রামে অফিস সরানোর চক্রান্তে জনমনে ক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিসটি নিজের নামে রেকর্ডভুক্ত সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে স্থাপিত থাকা সত্ত্বেও সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ উঠেছে। ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যগণ ও স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে ভূমি উপদেষ্টার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

তাদের অভিযোগ, বাঐসোনা ইউনিয়ন পরিষদের পাশে এস.এ দাগ নং ১৪৭৮, ১৪৭৯ ও ১৪৮০-এর আওতায় প্রায় ৬৮ শতক খাসজমির ওপর ইউনিয়ন ভূমি অফিসটি বহু বছর ধরে স্থায়ীভাবে অবস্থান করছে। জমিটি এস.এ ও চলতি আর.এস রেকর্ড অনুযায়ী জেলা প্রশাসক, নড়াইল-এর নামে রেকর্ডভুক্ত এবং সরকারি খাসজমি হিসেবে পরিচিত। এখানে স্থায়ী অবকাঠামো নির্মাণে আইনগত বা প্রশাসনিক কোনো বাধা নেই।

কিন্তু অভিযোগকারীদের দাবি, তৎকালীন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন নিজের শ্বশুরবাড়ি যোগানিয়া গ্রামে হওয়ায় ব্যক্তিগত স্বার্থে ও আত্মীয়দের সুবিধা নিশ্চিত করতে ভূমি অফিসটি সেখানেই সরিয়ে নেওয়ার কৌশল হাতে নেন। তিনি জমির প্রকৃত অবস্থা গোপন রেখে ভুয়া তথ্যসংবলিত প্রতিবেদন জমা দেন, যাতে ভবনের সম্ভাব্যতা যাচাইয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং পূর্বপরিকল্পিতভাবে যোগানিয়া বাজারে নতুন ভবন নির্মাণের সুপারিশ যুক্ত করা হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, বাঐসোনা ইউনিয়নের মধ্যস্থানে বর্তমান অফিসটি থাকায় ইউনিয়নের বিভিন্ন এলাকা—বাঐসোনা, রামনগর, ভুটকুরা, ডুমুরিয়া—থেকে অল্প দূরত্বে সাধারণ মানুষ সহজেই ভূমিসেবা গ্রহণ করতে পারেন। অথচ যোগানিয়া বাজার ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় ভূমি অফিসটি সেখানে সরিয়ে নেওয়া হলে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জনগণকে সেবা নিতে হবে। এতে করে সময়, খরচ ও হয়রানি—সবকিছুর আশঙ্কাই বাড়বে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যেখানে অফিসটির জন্য সরকারি খাসজমি এবং বিদ্যমান স্থাপনা উভয়ই রয়েছে, সেখানে সেটি গোপন করে নতুন জায়গায় ভবন নির্মাণের পরিকল্পনা কেবল রাষ্ট্রীয় অর্থ অপচয়ই নয়, বরং একটি পূর্বপরিকল্পিত প্রশাসনিক ষড়যন্ত্র। তারা বলছেন, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে সরকারি কোষাগার থেকে কোটি টাকা ব্যয় করে অপ্রয়োজনীয় নতুন ভবন নির্মাণ হবে, যা জাতীয় সম্পদের অপচয় এবং জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধেই যাবে।

তাদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধুমাত্র একটি গোষ্ঠী উপকৃত হবে, অথচ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের দায় নিরূপণ।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে এলাকাবাসী ভূমি উপদেষ্টার দপ্তরে দাখিল করা আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনিক দপ্তরেও পাঠিয়েছেন। আবেদনপত্রের অনুলিপি পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খুলনা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (নড়াইল) এবং স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে।

সাধারণ জনগণ মনে করছেন, এই প্রক্রিয়ায় শুধুমাত্র স্থানান্তর নয়, বরং জনগণের অধিকার খর্ব এবং সেবা থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। তারা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে ভূমি অফিস স্থানান্তরের প্রস্তাব বাতিল করে বাঐসোনা ইউনিয়নের কেন্দ্রস্থলে নিজস্ব সরকারি জমিতেই নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park