
হারুন শেখ, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় নিজ বাড়ির সামনে থেকে অপহৃত কলেজছাত্রী অর্থী মন্ডলকে (১৭) এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অপহরণের দুই মাস পার হলেও মামলার প্রধান আসামি জয় মন্ডলসহ কেউই এখনো ধরা পড়েনি, যা নিয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারে চরম উদ্বেগ বিরাজ করছে।
ঘটনাটি ঘটে ২২ এপ্রিল ২০২৫ তারিখ রাতে। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড গ্রামে কলেজপড়ুয়া ওই কিশোরীকে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী ছাত্রীর কাকা সবুজ মন্ডল মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় অপহরণ মামলা করেন।
মামলায় জয় মন্ডল (২৫) কে প্রধান আসামি করা হয়। এছাড়া অপর আসামিরা হলেন—বিনয় মন্ডল (৩০), দীপিকা মল্লিক (৪৫), মিহির বিশ্বাস (৫০) ও তরুন মন্ডল (২৫)। এদের সকলের বাড়ি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহৃত ছাত্রীর কলেজে যাতায়াতের পথে প্রধান আসামি জয় মন্ডল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে জয় মন্ডলের পরিবারকে জানানো হয় এবং তাকে সাবধান করা হয়েছিল। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে জয়, মামলার অন্যান্য আসামিদের সহযোগিতায় ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে মামলা দায়েরের এতদিন পরও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নিখোঁজ কিশোরীর পরিবার বলছে, তারা বারবার থানা ও প্রশাসনের শরণাপন্ন হলেও সন্তোষজনক অগ্রগতি নেই।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, “মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”