
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) দুপুরে হুড়কার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির চত্বর থেকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে হাজার হাজার ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথ টেনে বের করা হয়।
দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন ও বৃহৎ এই রথযাত্রার উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক পুষ্পজিত মন্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, রামপাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, শিশির মন্ডলসহ এলাকার সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ।
ভক্তরা জানান, এ উৎসব কেবল পার্থিব কামনার জন্য নয়, বরং এটি ধর্মীয় চেতনা, ভক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দীর্ঘ শতাব্দী ধরে। এ রথযাত্রা ঘিরে প্রতিবারই এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ বছর রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে। আয়োজকরা জানান, পুরো উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক ঐক্য ও সম্প্রীতিরও অনন্য উদাহরণ হয়ে উঠেছে।