
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আনুমানিক ৮:৩০ মিনিটের সময়, বিএনপির সদস্য মোঃ সোলায়মান শেখ ও মোঃ আল-ইমরান শেখসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলা চালানো হয়।
এ ঘটনায়, ঘোড়া আলম (৪২), সিট মরিজ ইসমাইল (৫০) সহ আরো কয়েকজন প্রিন্স বাহিনীর ১৮-২০ জন সদস্যের নেতৃত্বে হামলা করে। হামলাকারীরা সোলাইমান, আল-ইমরান, সোহাগ, আসিকদের উপর রামদা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। হামলায় দুই জন গুরুতর আহত হয়েছেন এবং নগদ ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেয়া হয়।
সন্ত্রাসী দলের সদস্যদের মধ্যে ছিলেন সওকাত (৪৯), শরিফুল (৪০), ফারুক (৫০), বাইজিত (২৯), মারুফ (৩৬), মোতালেব (২৮), জিল্লু (৪৮), আলি আজম (৩৬), এবং লেকওয়াত (৫৮)।
এ ঘটনার সত্যতা জানতে চাইলে, রামপাল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে আতঙ্কিত এলাকাবাসীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখ জানান, সন্ত্রাসী বাহিনী এলাকায় তাণ্ডব সৃষ্টি করছে। কৃষিবিদ শামীমুর রহমান শামীমও এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অভিযোগের বিষয়ে, প্রিন্সের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। রামপাল উপজেলা অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।