
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মো. আতাবুর রহমান টিপু, প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো. মোতাহার মল্লিক, সহসভাপতি এ. এইচ. নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনকে রক্ষা করতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের সচেতনতা ও উদ্যোগের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনকে টিকিয়ে রাখা সম্ভব।
সমাবেশে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ‘সুন্দরবন বাঁচাতে করণীয়’ শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে পুরস্কৃত করা হয়।