
জেনিভা প্রিয়ানা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব দাস নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২০২৫ সালের ১ জুলাই দুপুর ২টা ১০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন নতুন কোর্ট এলাকার দক্ষিণ পাশে, জনৈক দুলাল শেখের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।
অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে। নেতৃত্বে ছিলেন এসআই (নিঃ) সৈকত মল্লিক, যিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপ্লব দাস পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার পর বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা (নং-০২, তারিখ: ০১/০৭/২০২৫) রুজু করা হয়েছে।
বাগেরহাট জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, “মাদক নির্মূলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”
মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। একে প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। পুলিশ মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে সকল নাগরিককে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি জেলা ডিবি পুলিশ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।